ততটাই ভালবাসি তোমায়

ততটাই ভালবাসি তোমায়;
যতটা অভিভূত হই, প্রতিটি কাক-ডাকা ভোরে
রেললাইনের সরু পথটি ধরে
এক অজানা গন্তব্যের পথে হেঁটে যাবার পথে।


ততটাই ভালবাসি তোমায়;
যতটা অভিভূত হই, নিকোটিনে আচ্ছন্ন হয়ে
ফুটপাত ধরে ফেলা
যতশত অনিয়ন্ত্রিত পদক্ষেপে।
ততটাই ভালবাসি তোমায়;
যতটা অভিভূত হই, হিমালয়ের সুউচ্চ চূড়ায়
দৃঢ় পদক্ষেপের পর
চারিদিকে দেখে ভয়ঙ্কর সৌন্দর্যে।


ততটাই ভালবাসি তোমায়;
যতটা অভিভূত হই, তীব্র চেতনায় আচ্ছন্ন হয়ে
রাজপথের কোণায় পড়ে
এক অভুক্ত ভিখারির সাথে নিজের সাযুজ্য খোজায়।


ততটাই ভালবাসি তোমায়;
যতটা অভিভূত হই, আকাশ জুড়ে বিরাজমান নিঃসঙ্গ চাঁদ
আর আমাতে আছড়ে পড়া
তার রুপোলী জ্যোৎস্নার মত্ত নেশায়।


ততটাই ভালবাসি তোমায়;
যতটা অভিভূত হই, লোডশেডিঙয়ের নৈরাজ্যে
আঁধার হয়ে আসা বর্ণিল শহরে
গলির অভুক্ত কুকুরের মত নিস্পন্দ পথচলায়।


ততটাই ভালবাসি তোমায়;
যতটা অভিভূত হই, আমার প্রতিটি অনুভবে
আমার বিচ্ছিন্ন সত্ত্বার অবিচ্ছিন্ন চেতনায়
যতটা অভিভূত হই ঠিক ততটাই ভালবাসি তোমায়।

Comments

Popular posts from this blog

নিকষ

মেঘটা

'বাংলার শ্রেষ্ঠ প্রতিভা' বিষয়ক স্মৃতিকথা